এসএসসির খাতা পুনর্নিরীক্ষার ফল ১০ আগস্ট
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Monday, July 28th, 2025 3:15 pm পরিবর্তনের তারিখ:
Monday, July 28, 2025 3:15 PM

এসএসসি পুনর্নিরীক্ষার ফল ২০২৫ আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। এদিন দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে। যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের ফল সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, “ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশের বিধান রয়েছে। ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, ফলে ৯ আগস্টের মধ্যে পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করতে হবে। এই হিসেব অনুযায়ী, ১০ আগস্ট ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ফল প্রকাশের পর ১১ জুলাই থেকে শুরু হয় খাতা পুনঃমূল্যায়নের আবেদন গ্রহণ। আবেদন চলেছে ১৭ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে হাজার হাজার শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করে। প্রতিটি বিষয়ে আবেদন ফি ছিল ১৫০ টাকা। শুধুমাত্র এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়, যার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে নির্ধারিত ফরম্যাট অনুসরণ করতে হয়েছে।
প্রত্যেক বছরই অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, কেউ গ্রেড উন্নীত পায়, কেউ পাস করে। তাই যারা আশানুরূপ ফলাফল পায়নি, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
স্বাধীন খবর ডটকম/আ আ