ক্ষমতায় থেকে আদালতের কোনো উন্নয়ন করেননি : ইনুকে বিচারক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।
এদিন ইনুকে আদালতে হাজির করা হলে শুনানির সময় বিচারক বলেন, “আপনারা ক্ষমতায় থেকেও আদালতের উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। বরং আমলাতান্ত্রিক ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছেন।”
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতে বলেন, ইনুকে সাধারণ আসামিদের সঙ্গে রাখা হয়েছে এবং হাজতখানায় উন্নত টয়লেটের ব্যবস্থাও নেই। বিচারক তখন মন্তব্য করেন, “আমরা এখনো এনালগ সিস্টেমে আছি। আপনারা ডিজিটাল আদালত বাস্তবায়ন করলে এখানে আসার দরকার হতো না। কারাগার থেকেই বিচার সম্ভব হতো।”
শুনানিতে ইনু বলেন, “দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচার শুরু হওয়ার আগেই মিডিয়া ট্রায়াল করেছে। আদালতে যে সিদ্ধান্ত নেন, জেল-ফাঁসি কিছুতেই আমার আপত্তি নেই, কিন্তু মিডিয়া ট্রায়াল থেকে পরিত্রাণ চাই।”
বিচারক উত্তরে বলেন, “অভিযোগ আসলে তা মিডিয়ায় প্রকাশ হবেই।” এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১৬ মার্চ দুদক অভিযোগ করে জানায়, ইনু ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকা লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়।
আরেক মামলায় ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইনুর আয়ের মাধ্যমেই তার স্ত্রী এই সম্পদের মালিক হয়েছেন।
গত বছরের ২৬ আগস্ট উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
স্বাধীন খবর ডটকম/আ আ