জাল সনদধারী ২ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল, বেতন ফেরতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

শেখেরগাঁও মাদ্রাসার দুই শিক্ষকের জাল সনদ: এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা
নরসিংদীর শেখেরগাঁও জে ইউ ফাযিল মাদ্রাসার দুই শিক্ষক এনটিআরসিএর জাল সনদ ও সুপারিশপত্র জমা দেওয়ার কারণে তাদের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে একটি অফিস আদেশ ২৭ জুলাই অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা হয়।
এনটিআরসিএর ২৮ মে, ২০২৫ তারিখের স্মারকের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে, প্রভাষক (আইসিটি) শুভ (ইনডেক্স: এম০০৩৬***) এবং প্রভাষক (আরবি) চুলাইমান (ইনডেক্স: এম০০৫২***)—এই দুইজনের সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া।
এমপিও নীতিমালা-২০১৮ অনুসারে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ইনডেক্স বাতিল করা হয়েছে।
এছাড়া, মাদ্রাসার অধ্যক্ষকে ভবিষ্যতে জাল সনদধারীদের আবেদন না পাঠাতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত দুই শিক্ষক যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আরও জানায়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদেশে উল্লেখ করা হয়, এসব বিষয়ে কোনো গাফিলতি হলে দায়ভার প্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।
📌 প্রসঙ্গত:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও স্বচ্ছ প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে এনটিআরসিএ নিয়মিত পরীক্ষা নিয়ে থাকে। উত্তীর্ণদের একটি মেধাতালিকা তৈরি করে, যেখান থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে জাল সনদ ও সুপারিশপত্র দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ বেড়েছে। ফলে নিয়ন্ত্রক সংস্থা ধারাবাহিকভাবে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে।
স্বাধীন খবর ডটকম/আ আ