ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Monday, July 28th, 2025 4:38 pm পরিবর্তনের তারিখ:
Monday, July 28, 2025 4:38 PM

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এই তথ্য জানানো হয়।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন, খুলনায় ২৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ১৮,২২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৫২৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৮.৬% পুরুষ এবং ৪১.৪% নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজন মারা গেছেন। চলতি বছর মোট ৭৬ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। ২৪ ঘণ্টার মৃতদের মধ্যে একজন রাজশাহী বিভাগ থেকে, একজন ঢাকা দক্ষিণ এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ৫৭৫ জন মারা গেছেন। এর আগে ২০২৩ সালে একই সময়ে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু এবং ৩,২১,১৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ছিল।
স্বাধীন খবর ডটকম/আ আ