বাংলাদেশ ও মালয়েশিয়ার পুলিশের মধ্যে বৈঠক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Wednesday, July 30th, 2025 10:52 pm পরিবর্তনের তারিখ:
Wednesday, July 30, 2025 10:52 PM

বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমনসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বুধবার (৩০ জুলাই) পুলিশ সদরদফতরের হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ পুলিশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম। অপরদিকে মালয়েশিয়া পুলিশের পক্ষে নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক। প্রতিনিধিদলে মালয়েশিয়া রয়েল পুলিশের সাত সদস্য উপস্থিত ছিলেন।
আইজিপি মালয়েশিয়া রয়েল পুলিশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ ও রয়েল মালয়েশিয়া পুলিশের মধ্যে সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উভয় দেশের পুলিশ যথাসময়ে তথ্য বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ