সংসদ নির্বাচনে ভোটের তারিখ প্রায় চূড়ান্ত!
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সব কেনাকাটার প্রস্তুতি শেষ করেছে ইসি। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে ৫, ৮ কিংবা ১২ ফেব্রুয়ারি। এই তিনটি তারিখকে চূড়ান্ত করে ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। অগ্রাধিকার ভিত্তিতে এই তারিখগুলোর যেকোনো একটিকে বেছে নেওয়ার বিষয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। কমিশন চাইলে ১০ ও ১১ ফেব্রুয়ারিকেও বেছে নিতে পারে। তবে ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা ৫, ৮ ও ১২ ফেব্রুয়ারিকে উপযুক্ত মনে করে কমিশন সভায় উপস্থাপন করবেন।
সূত্র জানায়, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা ভোটের সম্ভাব্য পাঁচটি তারিখের বিষয়ে কমিশনকে প্রাথমিকভাবে জানিয়েছেন। এই পাঁচটি তারিখ হলো ৫, ৮, ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি।এই তারিখগুলো নির্ধারণের ক্ষেত্রে আগের ১২টি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনকে কিছুটা আমলে নেওয়া হয়েছে। বিগত ১২টি নির্বাচনের মধ্যে ৪টি হয়েছে রোববার, ৪টি বুধবার, ২টি সোমবার ও ২টি বৃহস্পতিবারে। শুক্র, শনি ও সোমবারে কোনো ভোট হয়নি। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি রোববার, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি বুধবার এবং ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই তারিখগুলোর মধ্যে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারকে ভোটগ্রহণের জন্য আপাতত সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে ইসিতে।
এক প্রশ্নে ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্বাচনের পর রোজার আগে অন্তত ১০ দিন সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন। কারণ, ভোটের দিন অনিয়ম, মারামারি বা হানাহানির কারণে যেসব কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত করা হবে, সেসব কেন্দ্র বা আসনে এক সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। সেটা যেন রমজানে গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন। এ ছাড়া নির্বাচনের গেজেট প্রকাশের পর যে দল সংখ্যাগরিষ্ঠাতা পাবে তাদের সরকার গঠন করতেও সপ্তাহখানেক সময় লাগতে পারে। সেটাও যেন রমজানের আগে সম্ভব হয় সে সুযোগও রাখতে চায় ইসি।
জ্যোতির্বিজ্ঞানের হিসাবে আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন যদি ১০ দিন হাতে রাখতে চায় তাহলে ৮-৯ তারিখের মধ্যে ভোট নিতে হবে। এদিকে শবে বরাতের সম্ভাব্য তারিখ ৪ ফেব্রুয়ারি। সরকার অন্তত এর আগে নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে। তাই শবে বরাতের পর থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধের (১৫ তারিখ) মধ্যেই ভোট দিতে হবে। সেক্ষেত্রে যদি ৫ তারিখ বৃহস্পতিবার শবে বরাতের বন্ধ পড়ে যায় তাহলে এর পরের সপ্তাহের যেকোনো দিন (৮-১২ ফেব্রুয়ারি) ভোট নিতে হবে।
যা বলছেন ইসি সচিব
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ঢাকা পোস্টকে বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন রোজার আগে ভোট হবে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। অর্থাৎ এই সময়ের মধ্যেই ভোট হবে। এর বাইরে আমি কিছু জানি না।
এদিকে, শনিবার রংপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সচিব আখতার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কী বলেছেন, সে বিষয়ে আমি কিছু জানি না। আগামীকাল রোববার সিইসির সাথে আলোচনা করলে হয়তো জানতে পারব। আরেক প্রশ্নে তিনি বলেন, আমাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হতেই পারে। তবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।
স্বাধীন খবর ডটকম/আ আ