সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন: ঢাকায় ৮টি নতুন স্কুল ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।সোমবার (২৮ জুলাই) ঢাকার মোহাম্মদপুরের তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পে’র আওতায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই স্কুলগুলো আপনাদের কমিউনিটির সম্পদ। তাই এগুলো দেখভাল করে রাখার দায়িত্বও আপনাদের। স্কুলের পরিবেশ যেন ভালো থাকে এবং স্কুলগুলো ভালোমতো চলতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমি আশা করব, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা যথাযথ দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা এসময় প্রাথমিক বিদ্যালয়ে সঠিকভাবে মাতৃভাষা ও গণিত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
স্বাধীন খবর ডটকম/আ আ