সার্জারি পুরুষরাও করেন, কটাক্ষের শিকার হন শুধু নারীরা: কাজল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

কাজলের মন্তব্য: চেহারায় সার্জারি ব্যক্তিগত পছন্দ, শুধু নারীদের নিয়েই কেন সমালোচনা?
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি আলোচনায় এসেছেন তার সাহসী বক্তব্যের কারণে। সদ্য মুক্তিপ্রাপ্ত সারজামিন সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে তিনি মুখোমুখি হন ভারতীয় গণমাধ্যমের। এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান, সাইফ আলি খানের ছেলে। ছবির পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন।
সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয় তারকাদের প্লাস্টিক সার্জারি, ফিলার বা বোটক্স ব্যবহারের বিষয়ে। অকপটে জবাবে তিনি বলেন, “এটা একান্তই ব্যক্তিগত পছন্দ। কেউ যদি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে আত্মবিশ্বাসী হন, তবে সার্জারি হোক বা প্রসাধন—সবই স্বাভাবিক। ছুরি-কাঁচি চালিয়ে নিজেকে বদলানো কোনো বড় ব্যাপার নয়।”
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় কেবল নারীরাই নয়, অনেক পুরুষও অংশ নেন। কিন্তু দুঃখের বিষয়, সমাজে সমালোচনা কেবল নারীদের নিয়েই হয়। “পুরুষরাও সৌন্দর্য রক্ষায় সার্জারি করেন। কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলা হয় না। নারীরা করলে ব্যঙ্গ, বিদ্রুপ শুরু হয়। এটা একেবারেই অন্যায্য,” মন্তব্য করেন কাজল।
চেহারার যত্নকে তিনি স্বাভাবিক বললেও, বার্ধক্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। কাজলের ভাষায়, “বয়স বাড়া একেবারেই স্বাভাবিক। এতে লজ্জার কিছু নেই। বরং প্রতিটি জীবনপর্যায় উপভোগ করা উচিত। অনেকেই অল্প বয়সেই প্রাণ হারান। তারা তো জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাই বয়স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।”
স্বাধীন খবর ডটকম/আ আ