• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, June 3rd, 2022 8:26 pm পরিবর্তনের তারিখ: Friday, June 3, 2022 8:26 PM

 

ওয়েছ খছরু, সিলেট থেকে

হঠাৎ বন্যায় পর্যুদস্ত হওয়া সিলেটে ত্রাণ বিতরণে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ নেতারা। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোটা উপজেলায় কয়েক হাজার মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মহানগরের নেতারাও খাবার, ওষুধ সামগ্রী নিয়ে ছিলেন বন্যার্তদের কাছাকাছি। এরইমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এবার কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে সিলেট আওয়ামী লীগকে। আজ শনিবার সিলেট নগরীর রাজপথে থাকবে আওয়ামী লীগ। জেলা ও মহানগর আওয়ামী লীগের তরফ থেকে আলাদাভাবে কর্মসূচি পালন করা হবে। এতে থাকবে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণও। দলের নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচি পালনে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা মাঠে নামবেন। ইতিমধ্যে এ ব্যাপারে বার্তা দেয়া হয়েছে।

এদিকে, গত মঙ্গলবার সিলেটে শোডাউন করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক র‌্যালীকে ঘিরে তারা এই শোডাউন করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। এই শোডাউনে সিলেট থেকে সরকার হঠাও আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এই ঘোষণার পর সিলেটের রাজনীতিতে উত্তাপের আশঙ্কা করা হচ্ছে। এর আগে নগরে শোডাউন করে যুবদল ও ছাত্রদল। কয়েকদিন আগে কর্মসূচি পালনকে ঘিরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সিলেটে মুখোমুখি রয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। তবে- ছাত্রদলের শোডাউনের দিন ছাত্রলীগ কোনো বাধা দেয়নি। দলীয় কর্মসূচি না থাকায় ছাত্রলীগ মাঠে নামেনি। এবার দলীয় কর্মসূচি নিয়ে সিলেটে মাঠে নামছে আওয়ামী লীগ। দেবে শোডাউনও। দলের নেতারা জানিয়েছেন, আজ শনিবার সিলেটের রাজপথে দিনভর কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সকালে করবে যুবলীগ, দুপুরে জেলা আওয়ামী লীগ ও বিকালে মহানগর আওয়ামী লীগ। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবে। সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি ও তাদের দোসর কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য সিলেট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। সিলেট জেলার সকল সাংগঠনিক উপজেলায় অনুরূপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করারও আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাঠে নামবে মহানগর আওয়ামী লীগ। এ দিন বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জমায়েত হবে মহানগর আওয়ামী লীগের নেতারা। তিনি জানান, কর্মসূচিতে দলের সব ওয়ার্ডের নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সিলেট জেলা যুবলীগ। শনিবার বেলা ১১টার দিকে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের সামনে থেকে এ মিছিল বের করা হবে। মিছিল ও সমাবেশ শেষে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য সিলেট জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ। এছাড়াও সিলেট জেলার আওতাধীন সকল সাংগঠনিক উপজেলায় একইভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ