সিলেটে থেমে থেমে বৃষ্টি, বেড়েছে পানি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Thursday, June 30th, 2022 2:09 pm পরিবর্তনের তারিখ: Thursday, June 30, 2022 2:09 PM

 

জেলা প্রতিনিধি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত সিলেটে গতকাল বুধবার রাত থেকে আবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সূর্যেরও দেখা মেলেনি। বৃষ্টির কারণে গতকালের তুলনায় সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি কিছুটা বেড়েছে। এ ছাড়া, সুরমার কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীতে এর প্রভাব না পড়লেও সারি নদী ও ধলাই নদের পানি বেড়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে এই তথ্য পাওয়া গেছে।

পাউবো সূত্রে জানা গেছে, সুরমা নদীর সিলেট পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টায় সর্বশেষ তথ্য অনুযায়ী পানি ছিল ১০ দশমিক ৭৪ সেন্টিমিটার। সেখানে আজ সকাল ৯টায় পানি ছিল ১০ দশমিক ৭৬ সেন্টিমিটার। সারি নদীর সারিঘাট পয়েন্টে গতকাল ১১ দশমিক ৩৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও আজ সকাল ৯টায় সে পয়েন্টে ১১ দশমিক ৪৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধলাই নদের ইসলামপুর পয়েন্টে গতকাল সন্ধ্যায় ১০ দশমিক শূন্য ৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও আজ সকালে সেটি বৃদ্ধি পেয়ে ১০ দশমিক ৪০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে গতকালের তুলনায় আজ সকাল ৯টায় পানি দশমিক শূন্য আট সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৫১ সেন্টিমিটার হয়েছে। কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানি গতকালের তুলনায় দশমিক ১২ সেন্টিমিটার কমে ১৬ দশমিক ৩৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, আজ সকালে নগরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে কিছু এলাকায় জলাবদ্ধ দেখা গেছে। নগরের মির্জাজাঙ্গাল, তালতলা, যতরপুর, শাহজালাল উপশহর এলাকায় পানি জমতে দেখা গেছে। এ ছাড়া দক্ষিণ সুরমার বঙ্গবীর সড়কে জলাবদ্ধতা রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, আজ-কালকে (বৃহস্পতি ও শুক্রবার) বৃষ্টির পূর্বাভাস থাকলেও এর ফলে বন্যার কোনো পূর্বাভাস নেই। বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্রের তথ্যে এমনটি জানা গেছে। তাঁদের পূর্বাভাস অনুযায়ী আজ-কালকে বৃষ্টি হয়ে বৃষ্টির অবস্থা উন্নতি হবে। বন্যা হওয়ার পূর্বাভাস নেই।

আসিফ আহমেদ বলেন, বর্তমানে আষাঢ় মাসের মাঝামাঝি সময়, সামনে শ্রাবণ মাস। এই সময়ের মধ্যে আরও দুই একটি বন্যা দেখা দেয়। এ জন্য পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে জুলাইয়ের শেষের দিকে একটি বন্যা হতেও পারে। এরপরও ১০ দিন আগে আবহাওয়া পূর্বাভাস জানা যাবে। বর্তমানে ভারতের দিকে বৃষ্টি হলেও আগের তুলনায় কম বলে মন্তব্য করেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!