জুলাই গণঅভ্যুত্থান দিবস : আজ বন্ধ একাদশের অনলাইন ভর্তি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

একদিনের জন্য একাদশ শ্রেণির অনলাইন ভর্তি স্থগিত
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার, ৫ আগস্ট একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে আবারও স্বাভাবিকভাবে অনলাইন ভর্তি কার্যক্রম চলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে।
সেই অনুযায়ী, অনলাইন আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত।
এবার সরকারি ও বেসরকারি কলেজে মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত থাকবে সাধারণ শিক্ষার্থীদের জন্য।
তবে বাকি ৭ শতাংশ আসন কোটা অনুযায়ী সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত।
যদি সংরক্ষিত কোটাগুলোর জন্য উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তাহলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি হবে।
ফলে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
স্বাধীন খবর ডটকম/আ আ