হাসপাতালে ভর্তি পরীমনি বললেন আগুনের ট্রমা ছোটবেলা থেকে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Tuesday, July 22nd, 2025 3:12 pm পরিবর্তনের তারিখ: Tuesday, July 22, 2025 3:12 PM

পরীমনি
 

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গতকাল সোমবার রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসেবার প্রয়োজনে আজ মঙ্গলবারও তাঁকে হাসপাতালে থাকা লাগবে—এমনটাই জানিয়েছেন পরীমনির এক ঘনিষ্ঠজন। এদিকে হাসপাতালে ভর্তির খবরটি পরীমনি তাঁর ফেসবুক পেজেও জানিয়েছেন।

পরীমনির ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন এই নায়িকা। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে চিকিৎসক দ্রুত তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। যাওয়ার পর প্রাথমিক চিকিৎসাসেবা শেষে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে রাতেই ভর্তি হন। আজ মঙ্গলবার দুপুরে পরীমনির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরীমনি

হাসপাতালে ভর্তি পরীমনি ফেসবুক পোস্টে মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনার বিষয়টিও উল্লেখ করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ!’

দীর্ঘদিন ধরে পরীমনির নতুন কোনো ছবির শুটিংয়ের খবর নেই। তবে এ মাসের শেষ দিকে চুক্তি হওয়া ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা ছিল। এরই মধ্যে বেশ কয়েকবার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছিলেন পরীমনি। এদিকে ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, কারিগরি ইস্যুতে এ মাসে ছবিটির শুটিং করা সম্ভব নয়।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!