ইডেন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রীর অডিও ফাঁস, রুম দখল নিয়ে নানা হুমকি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২০, ২০২২ ৩:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২০, ২০২২ ৩:১৬ পূর্বাহ্ণ

রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে শিক্ষার্থীদের রুমে গিয়ে ক্ষমতা দেখানো, রুম দখল নিয়ে টেনে ছিঁড়ে ফেলা, গলায় পাড়া দিয়ে ধরার হুমকিসহ নানা অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগ উঠেছে মূলত একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে। এই রেকর্ডে কলেজের প্রিন্সিপালের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলে দাবি করেছেন তামান্না জেসমিন রিভা।
অডিও রেকর্ডে শোনা যায়, ‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিকাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’
এসময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায় ও তো অসুস্থ বাসায় গেছে? এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর কে লিগ্যাল? তোরা লিগ্যাল তাতে আমার কি… গেছে? বল? আমি কি …… তোদের। এক পায়ে পাড়া দিমু আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাজলামি শুরু করছিস।’
এ সময় সুমনা মীর নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে। তিনি বলেন, ‘বুঝিস না পলিটিকাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে তাতে আমার …. কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দিবে? ম্যাডামরা দেবে, ক্ষমতা আছে ম্যাডামদের৷ ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার৷ ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এ রুম থেকে একটাকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে৷ আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলবো সেই রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে।’
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী কিংবা ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোন মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিয়েছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের উপরে আর কেউ নেই।’
এ বিষয়ে তামান্না জেসমিন রিভা বলেন, ‘পলিটিকেল রুমে থাকলে প্রোগ্রাম করতে হবে এটা স্বাভাবিক বিষয়। তারা প্রোগ্রাম কেন করে না জানতে আসছিলাম। প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এর চেয়ে বেশি কিছু নয়, এটি বড় বিষয় নয়।’
ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বিষয়টি এখনো জানেন না বলে জানান। তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না। আমি বিষয়টি নিয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলবো। তারা বিষয়টি খতিয়ে দেখবেন। এরকম হওয়ার কথা না।’
স্বাধীন খবর ডটকম/আ আ