• আজ সকাল ৭:০১, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

 

এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এক মাস যাবৎ জিনিসপত্রের সামান্য দাম বেড়েছে। তেলের দাম, চালের দাম বেড়েছে তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের জন্য এই দাম বাড়েনি।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মোড়লদের লড়াইয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে আর বেশি দিন নয়! আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দামও কমবে, আগের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎও পাওয়া যাবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গরিবের সরকার। গত ১৪ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।

মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাট করেছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন করেন। এ ছাড়া মন্ত্রী ৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!